rss

জালছেঁড়া নদী

জালছেঁড়া নদী
আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০০৯। প্রকাশক: ভাষাচিত্র, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।

প্রান্তজন

প্রান্তজন
শহীদুল ইসলাম মুকুল
জালছেঁড়া নদী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জালছেঁড়া নদী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৯ মে, ২০০৯

চিন্তাটা ব্যক্তিস্বার্থকেন্দ্রিক

চিন্তাটা ব্যক্তিস্বার্থকেন্দ্রিক

আমি যে মানবাধিকারের কথা বলি, সে আমার মহত্ত্ব নয়।
চিন্তাটা খুবই সংকীর্ণ; তুমিই তার সোজাসাপটা লক্ষ্য প্রিয়তমা।
নির্মম পৃথিবীতে তোমার বঞ্চনা আমি সইতে পারবো না।
তাই আমি চাই মানবাধিকার সংবেদনশীল সমাজ।
আমি যে শিশু অধিকারের কথা আওড়াই, তার সাথেও তোমার স্বার্থ জড়িত;
তোমার, মানে আমাদের শিশুকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে চাই বলে।
আমি যে সমানাধিকারের কথা বলি, তা কোন লৈঙ্গিক সমতার
চেতনা থেকে নয়-স্রেফ তোমার স্বার্থে।
আমি কি তোমার চেয়ে বেশি পেতে পারি কিছু?
কিভাবে ভালোবাসার সাথে বৈষম্য বসবাস করবে বলো?
আমি তাই সমানাধিকারের কথা বলি, ন্যায্যতার কথা বলি।
আমি যে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলি,
সে তোমার জন্য নিরাপদ রাষ্ট্র চাই বলে। আমার প্রিয়তমাকে
নৈরাজ্যের মাঝে রেখে আমি কি নিশ্চিন্তে ঘুমুতে পারি?

এবার বুঝতে পারছো কেন আমি মহ‌ৎ বুলি আওড়াই?
বন্ধুরা যেমনটি ভাবে, আদতে তেমন উদার নই আমি; বলতে পারো চরম ব্যক্তিস্বার্থবাদী।
আমি শুদ্ধ হয়ে ওঠার আপ্রাণ সাধনা করি তোমার কষ্ট চাই না বলে।

সুধীজনের মনে প্রশ্ন উঠতে পারে, তুমি চলে যাওয়ার পরও কেন আমি এসব বলে যাই!
কেন ভালোবাসার দায়মুক্ত হয়েও আমার ভেতরে জন্ম নেয় না ক্রুদ্ধ ফ্যাসিস্ট?
তবে কি এখনো, একটি মুহুর্তও তোমায় ভালো না বেসে থাকি না?


মাইজদী, নোয়াখালী
২৯ আগস্ট, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

জালছেঁড়া নদী


নাব্যতা হারালে নদী'র বুকে খাঁ খাঁ চর জাগে
জালছেঁড়া নদীও গতি হারায় পলির স্তুপে;
অথবা আমরাই পোড়াই নদী'র শ্মশান,
তার রুপালী জমিনে চিক চিক ক্রুর হাসি।

উঠোনে জাল পাতি রোদের শরীরে মেলে
লেগে থাকা আবর্জনা বাছি পরম যত্নে;
মাছ শিকারে যাবো পূর্বপুরুষের মতো,
জীবনের টানে জীবিকার টানে।

আহা! মাছেরা উদ্বাস্তু, জল নেই জালছেঁড়া নদীর বুকে;
শুন্য জাল বুভুক্ষু ভিটায় দোলে...



- - -
ছবি কৃতজ্ঞতা

মাইজদী, নোয়াখালী
১৮ মে, ২০০৮

ফেইসবুকে যোগ করুন