rss

জালছেঁড়া নদী

জালছেঁড়া নদী
আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০০৯। প্রকাশক: ভাষাচিত্র, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।

প্রান্তজন

প্রান্তজন
শহীদুল ইসলাম মুকুল

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

উত্তর

এমন নয়,
আমি তোমাকে ভালোবাসার অনন্য
উপমা শোনাতে এসেছি;

এমনও নয়,
আমি তোমার জন্য কিছু
ফুল নিয়ে এসেছি;

আমি শু‌ধু বলতে এসেছি,
তোমার হাসি বিস্মৃত এক
কবিতার কথা স্মরণ করিয়ে দেয়।


- - -
২৯.১২.১৯৯৬

* ছবিসূত্র

ফেইসবুকে যোগ করুন

কুসংস্কার

প্রাচীন বৃদ্ধরা প্রায়ই সতর্ক করেন,
'সাবধানে থাকবি। যাত্রা শুভ অশুভ দেখে চলবি।'
আমি সাবধানেই থাকি।
কুসংস্কার মনে হলেও, অনেক কিছুই
মেনে চলি, চলতে চেষ্টা করি।

প্রথম যেদিন আমাদের দেখা হলো,
একসাথে হাঁটছি তুমি আমি,
অকস্মাৎ যাত্রা শুরুর ক্ষাণিক পরেই জুতোর একটা টানা ফিতা
ছিঁড়ে গ্যালো তোমার,
তাতে পুরো জুতোটি অকেজো হয়নি অবশ্য,
শুধু মনের মধ্যে ছোট্ট একটা কাঁটা বিঁধে গ্যালো।
আদিম রক্তে বয়ে আনা কুসংস্কারের তীর
ঠিকই বিদ্ধ করছিলো থেকে থেকে।
যাত্রা কি শুভ হলো! যাত্রা কি শুভ হলো!

তবু বারে বারে নিজের মনেই প্রবোধ দিয়েছিলাম,
ও কিছু নয়, এমনটি হতেই পারে!
একবিংশ শতাব্দীর সুপারসনিক গতির জীবনে
শুধু নির্বোধরাই শুভ অশুভ চিন্তা করে,
বাকিরা এগিয়ে যায় দূরন্ত গতিতে।

আমি নির্বোধ হতে চাইনি। তাই ইতিবাচক ভাবনায়
উড়িয়ে দিয়েছিলাম শংকা। জোর কদমে এগোতে চেয়েছি সামনে।

সেই যে হোঁচট খেলাম, যাত্রা আর গন্তব্যে পৌঁছুলো না!



মাইজদী, নোয়াখালী
১৮ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

বৈশাখের এই তপ্ত দুপুরে

বৈশাখের এই আমপাকা তপ্ত দুপুরে ঘর্মাক্ত আমি;
থার্মোমিটারে মাপলে স্বাভাবিকের চেয়ে বেশি,
জ্বরের কাছাকাছি তাপমাত্রাই পাওয়া যাবে নিশ্চিত।
এই অসহ্য দুপুরে জ্বরতপ্ত ঘোরলাগা চোখে
আমি তোমার পাশে থাকতে চাই।
তোমার কাছাকাছি এলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে
দুই ডিগ্রী বেশি বাড়ে, কমে না।
ঘর্মাক্ত দেহে মিলেমিশে
তবু আমি তোমার পাশেই থাকতে চাই।

গরম দিয়ে কি গরম কাটাকাটি হয়?
উষ্ণতা দিয়েই উষ্ণতা সইতে হয়!

তপ্ত বৈশাখের এই ক্লান্ত দুপুরে
বিন্দু বিন্দু ঘাম জমা
তোমার মায়াবী শরীরে শরীর রেখে
আমি ভাতঘুম দিতে চাই।



- - -
মাইজদী, নোয়াখালী
২২ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন