rss

জালছেঁড়া নদী

জালছেঁড়া নদী
আমার প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০০৯। প্রকাশক: ভাষাচিত্র, ৩য় তলা, আজিজ সুপার মার্কেট, ঢাকা।

প্রান্তজন

প্রান্তজন
শহীদুল ইসলাম মুকুল

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০০৮

একদা ঘুমিয়ে ছিলাম (উৎসর্গ: রাশেদ)

একদা ঘুমিয়ে ছিলাম;
ভোরের প্রতীক্ষায়
ঘুম ভেঙেছিলো বারে বারে,
আবার ঘুমিয়ে পড়েছিলাম নিয়মিত বিরতিতে।

ঘুম ভাঙছিলো বারে বারে
ভোরের আলো দেখবো বলে;
পর্দা সরানোই ছিলো,
জানালায় আলোর অনুপস্থিতিতে
আবারও ঘুমিয়ে পড়ছিলাম নিয়মিত বিরতিতে।

একদা ঘুমিয়ে ছিলাম দীর্ঘক্ষণ
আলোর অনুপস্থিতিতে
চোখ বুজে আসছিলো বারে বারে।

একদা আমার ভোর হয়েছিলো অনেক বেলা গড়িয়ে;
ঘন মেঘের আড়ালে টেরই পাইনি কখন হয়েছে ভোর!
বারে বারে চোখ মেলে ফর্সা আলো না দেখে
ঘুমিয়ে পড়ছিলাম নিয়মিত বিরতিতে...


ঢাকা
৯ এপ্রিল, ২০০৮

ফেইসবুকে যোগ করুন

তুমি নেই

ঘুম ভেঙে দেখি
তুমি নেই।
তুমি যে নেই, এই সত্যটি প্রতিদিনই ভুলে যাই;
তাই প্রতিভোরে জেগে উঠে কষ্ট পাই,
ভাবি, তুমি পাশে নেই।

তুমি নেই তুমি নেই,
শত বার প্রার্থনা শ্লোকের মত আওড়াই,
যেমন স্কুল জীবনে পরীক্ষায় আসবেই - প্রায় নিশ্চিত অনুমানে
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মুখস্থ করার সর্বোচ্চ চেষ্টা করতাম।

হায়, বৃথাই পন্ডশ্রম!
রাত শেষে ঘুম ভাঙলে
পরবর্তী ভোরের আগেই ভুলে যাওয়ার জন্য
মনে পড়ে, তুমি নেই, পাশে নেই।



- - -
মাইজদী, নোয়াখালী
২৯ মার্চ, ২০০৮


ছবি সূত্র

ফেইসবুকে যোগ করুন

ফিরবো না আর

এতদিন পর যদি সুমতি হয়
তবে নিশ্চিত জেনো, ফিরে আসার বন্ধুর পথ পেরিয়ে
ঠিক পৌছে যাবো তোমার দরজায়।
টোকা মেরে তিনবার
পৌছে দেবো আগমনী বার্তা আমার।

যদি এরই মাঝে
গড়ে নিয়ে থাকো অলঙ্ঘনীয় চৌকাঠ;
আমি প্রাচীন পারাবারে হেঁটে বেড়াবো
মানুষ আবিষ্কারের খোঁজে,
ভালোবাসাহীন দেশে ফিরবো না আর
নির্মোহ মিশে যাবো প্রান্তিক জনারণ্যে।

পাললিক মন ছুঁয়ে গেলে ধ্যানমগ্ন সিদ্ধার্থের শরীর
কসম মাটির, ফিরবো না আর...



২৮ মার্চ, ২০০৮

ফেইসবুকে যোগ করুন